
যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান
পঙ্ক্তি ডেস্ক: ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনও দেশের কাছে স্থানান্তর করা হবে না এবং তা যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোর কোনও পরিক্ল্পনাও নেই। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি–তে কথা বলার সময় ইসমাইল বাঘাই জানান, পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচির সাম্প্রতিক বক্তব্য ৮ এপ্রিল ঘোষিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই ছিল। এটি নতুন কোনও কূটনৈতিক আলোচনার সূচনা নয়।
বাঘাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন, যুদ্ধবিরতির শুরু থেকেই তারা লেবাননে এর শর্তাবলী কার্যকর করার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। ইরানের দাবি, ৮ এপ্রিলের চুক্তিতে এই বিধানটি অন্তর্ভুক্ত ছিল। যদিও ওয়াশিংটন ও জেরুজালেম ইরানের এই ভাষ্য প্রত্যাখ্যান করেছে।
ইরানের ভূখণ্ডে যৌথ হামলার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান হরমুজ প্রণালিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করে। এরপর গত সপ্তাহে ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্রও পাল্টা অবরোধ আরোপ করে, যা ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজগুলোর চলাচল বন্ধ করে দেয়।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে শুক্রবার উল্লেখ করা হয়েছে, পরিস্থিতির সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানা গেছে, এই সপ্তাহান্তে অর্থাৎ সম্ভবত রবিবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হতে পারে।
সূত্র: সিনহুয়া
