
অস্বাস্থ্যকর বাতাস: দূষণের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা
পঙ্ক্তি ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২১ জুলাই) সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৬ রেকর্ড করা হয়েছে। বায়ুমান নির্ধারণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচক অনুযায়ী, এ সময় ঢাকার বাতাসকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান সূচক পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স এ তথ্য জানিয়েছে।
আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্যমতে, রবিবার ৬২ বায়ুমান নিয়ে ৩১ নম্বর অবস্থানে ছিল ঢাকা। গত শনিবার দূষিত শহরের তালিকায় ৭৩ বায়ুমান নিয়ে ঢাকার অবস্থান ছিল ১৯। তার আগে, গত বৃহস্পতিবার ৮৬ বায়ুমান নিয়ে ঢাকার অবস্থান ছিল ১৭।
একিউআই-এর তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।
