
অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
পঙ্ক্তি ডেস্ক: রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের কঠোরভাবে দমন করার নির্দেশ দিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘অপরাধী কেউ যেন ছাড় না পায়—এটা নিশ্চিত করতে হবে। মহানগরীর প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুন ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি চোরাই গাড়ি, মাদক উদ্ধার এবং অপরাধ বিশ্লেষণে গোয়েন্দা তথ্য ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘ঈদুল আজহার সময়ে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সকলে আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। মামলা তদন্ত ও নিষ্পত্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি আরও বাড়াতে হবে।’
সভায় জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তিনি ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক এবং অস্ত্র উদ্ধারের বিস্তারিত তথ্য তুলে ধরেন। জুন মাসে ডিএমপির বিভিন্ন থানায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
