
ভারতের ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পঙ্ক্তি ডেস্ক: ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “ভারত সরকার বলেছে ভিসা স্বাভাবিক করা হবে।” মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারাই (ভারত) বলেছে, নতুন করে বাংলাদেশের সরকারের সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায়। ভারত সরকার বলেছে ভিসা স্বাভাবিক করবে। দুদেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, এমনকি মেডিক্যাল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসানীতি আগের জায়গায় ফিরে যাওয়া উচিত বলে আমি মনে করি। তারা নিশ্চয়ই এটা করবে, আমাদের বলেছেও।”
প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এই মজুত আরও বাড়ানোর চেষ্টা চলছে। যুদ্ধের কারণে কিছু উৎস থেকে তেল আমদানিতে বাধা আসায় বিকল্প উৎস খোঁজা হচ্ছে। এ ক্ষেত্রে জ্বালানি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
