
হরতালে কঠোর অবস্থানে পুলিশ, কিছুই ঘটবে না: ডিএমপি কমিশনার
পঙ্ক্তি ডেস্ক:
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। খারাপ কোনও কিছু ঘটবে না, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সোমবার (১৭ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের সংস্কার করা কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ‘বিচ্ছিন্ন কিছু দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন গোষ্ঠী সড়ক বন্ধ করছে। তবে ছিনতাই বা অন্যান্য অপরাধ কমে গেছে। যদি বাড়তো তাহলে গণমাধ্যমে খবর আসতো। এখন আমাদের বড় সমস্যা নানা গোষ্ঠী বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামছে। তারা রাস্তায় নেমে যানচলাচল বন্ধ করে মানুষের দুর্ভোগে ফেলছে। আমি সরাসরি আন্দোলনকারীদের বলেছি, আপনারা রাস্তা বন্ধ করবেন না। এতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অনেকের কষ্ট হয়। দাবি-দাওয়া আদায়ের স্থান রাস্তা হবে পারে না। দাবি-দাওয়া সংশ্লিষ্ট দফতরে গিয়ে টেবিলে বসে সমাধান করেন। ঢাকাবাসীকে সড়কে কষ্ট দিয়ে দাবি আদায় মর্মাহত ঘটনা।’
গণমাধ্যমে পুলিশের নেগেটিভ সংবাদ আসছে উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) আমাদের নেগেটিভ জিনিসগুলো দেখান। আমরা পানি মারছি সেটা দেখান, গ্যাস মারছি সেটা দেখাচ্ছেন। কিন্তু আন্দোলনরতদের আমরা বারবার নিষেধ করেছি, কমিশনার নিজে শাহবাগ গেছেন, সেটা প্রচার হয় না। কাল বাবা-সোনা বলে বুঝিয়েছি কিন্তু তারা আমার কথা শোনেননি।’
অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্দোলনরতদের দাবি নিয়ে সরকারের সব বিভাগের সঙ্গে তো পুলিশ কথা বলবে না। এটাও আমাদের কাজ না। এরপরও তিতুমীর কলেজের বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। তারা সেখানে যাওয়ার পর একটা সমাধান হয়।’
অনুষ্ঠানে আরও ছিলেন– ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার ফারুক হোসেন, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান, তেজগাঁও ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম, মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আলমগীর কবির, তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা।
