তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে

পঙ্​ক্তি ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ইজারায় পরিচালিত ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে। ইজারার নির্ধারিত মেয়াদ শেষে নতুন অর্থবছরে (২০২৫-২৬) এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে বেবিচকের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী প্রান্তিক ভবনের দ্বিতীয় তলার বহির্গমন এলাকায় অবস্থিত ফ্যালকন এজেন্সি এবং নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের অভ্যন্তরীণ বহির্গমন এলাকায় কার্যক্রমরত ফ্যালকন এয়ারপোর্ট সার্ভিস টিমের ইজারাও নবায়ন করা হচ্ছে না।

এ সংক্রান্ত বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে ২০২৫ সালের ২৯ জুন রেজিস্টার্ড ডাকযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি আজ নোটিশ জারি করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষে এসব প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম গুটিয়ে ফেলতে হবে এবং নবায়নের জন্য কোনও আবেদন গ্রহণযোগ্য হবে না। বিমানবন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Share This