ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম 

ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম 

পঙ্​ক্তি ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা সত্যের পক্ষে দাঁড়ায়, স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’রোববার রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ‘আইন সাংবাদিকদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা শক্তিশালীকরণ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)। 

বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা বৃদ্ধিতে অনুসন্ধানী সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের ভিত শক্ত করতে সাংবাদিকদের, বিশেষত আইন সাংবাদিকদের কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তথ্য সচিব বলেন, ‘গণতন্ত্র ও আইনের শাসনের ভিত্তি মজবুত করতে সাংবাদিকদের, বিশেষত আইন বিষয়ক সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।’

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির ঘোষিত বিচার বিভাগীয় সংস্কার রোডম্যাপ বাস্তবায়নে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।’ তিনি পৃথক জুডিশিয়াল সচিবালয় গঠন, জুডিশিয়াল কাউন্সিল পুনরায় কার্যকরকরণ, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং বিচারপতি নিয়োগসংক্রান্ত আইন পাসের অগ্রগতি তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা শুধু একটি পেশাগত দায়িত্ব নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম। গণমাধ্যমই পারে জনগণের কণ্ঠস্বর রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে।’

কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরা কেবল সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করেন না, তারা সমাজ পরিবর্তনের অগ্রদূতও বটে।’

দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালনা করেন ইউএনডিপি’র সিনিয়র রুল অব ল’ অ্যাডভাইজর রোমানা শোয়েগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, এপি’র ব্যুরো চিফ জুলহাস আলম এবং বাংলা আউটলুকের মুক্তাদির রশিদ।

বক্তারা বলেন, বিচারপ্রক্রিয়া কাভার করতে হলে সাংবাদিকদের অবশ্যই আইনের মৌলিক জ্ঞান থাকতে হবে। অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তথ্যের উৎস রক্ষা, সাক্ষ্য যাচাই, আদালতের ভাষা বুঝে সহজভাবে উপস্থাপন এবং সংবেদনশীলতার বিষয়গুলো সবসময় গুরুত্ব দিতে হবে।

কর্মশালার সঞ্চালনা করেন নিমকোর সহকারী পরিচালক ও কর্মশালার পরিচালক তানজিম তামান্না।

উপস্থিত ছিলেন নিমকোর পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মারুফ নাওয়াজ, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share This