‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’

‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’

পঙ্​ক্তি ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে তথ্যই সবচেয়ে বড় শক্তি এবং তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে সময়োপযোগী ও ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে না পারলে রাষ্ট্র ও সমাজ পিছিয়ে পড়বে। তথ্য ক্যাডার, জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এবং জেলা তথ্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি দক্ষ ও আধুনিক ডিজিটাল জনবল গড়ে তুলতে পারলে রাষ্ট্রের জনসংযোগ কার্যক্রম আরও কার্যকর ও সুসংগঠিত হবে।

রবিবার (২৪ মে) সকালে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং তথ্য অধিদফতরের কর্মকর্তাদের জন্য ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

তিনি তথ্য ক্যাডার, জনসংযোগ কর্মকর্তা এবং জেলা তথ্য কর্মকর্তাদের জন্য সময়োপযোগী কারিকুলাম ও সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ চালুর বিষয়ে সরকার কাজ করছে বলে জানান।

তিনি বলেন, তথ্য কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পেলে তথ্য মন্ত্রণালয় একটি শক্তিশালী ডিজিটাল জনসংযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হবে, যা রাষ্ট্রের নীতি, উন্নয়ন কর্মকাণ্ড ও জনমতের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরি করবে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইতিবাচক ব্যবহার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এআই ব্যবহার করে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়ানোর ঝুঁকি মোকাবিলায় সতর্কতা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন। তথ্য মন্ত্রণালয় সরকারের ভাবমূর্তি তুলে ধরার অন্যতম প্রধান মাধ্যম উল্লেখ করে জনসংযোগ কর্মকর্তাদের আরও সমন্বিত ও দক্ষভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন– তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন ও শাহ আলম। অনুষ্ঠানে তথ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This