
বিচারের জন্য প্রস্তুত রামিসা হত্যা মামলা, ট্রাইব্যুনালে বদলির আদেশ
পঙ্ক্তি ডেস্ক: রাজধানীর পল্লবীতে রামিসা আক্তার নামে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে দেওয়া অভিযোগপত্র দেখেছেন আদালত। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগপত্রটি দেখে বদলির আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান বলেছেন, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্নার বিরুদ্ধে ধর্ষণের পর মৃত্যুর সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে।
গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলেছে, ওইদিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এরপর ফ্ল্যাটের সাবলেট এই ভাড়াটিয়া গ্রিল কেটে পালিয়ে যায়। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিল। পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুই জনকে আসামি করে সেদিনই পল্লবী থানায় মামলা করেন। এদিকে আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনও সদস্য আইনি সহায়তা দেবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
