
বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর
পঙ্ক্তি ডেস্ক: রাজধানী ঢাকা কে পরিচ্ছন্ন ও সবুজায়ন করার পাশাপাশি বর্ষা মৌসুমের আগেই মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকাকে ‘বর্জ্যের কারখানা’ থেকে মুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সিটি করপোরেশনের প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি। ৩ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা দক্ষিণ, উত্তর ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
উত্তর সিটি: দায়দেনার ভারে জর্জরিত
প্রধানমন্ত্রীর নির্দেশনা
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসকদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য ধরে শোনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী বর্ষার আগেই যেকোনো মূল্যে মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম চালু করার নির্দেশ দেন। ঢাকাকে একটি আধুনিক ও বসবাসযোগ্য সবুজ নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেন। এছাড়া ঢাকাকে বর্জ্যের স্তূপ থেকে মুক্ত করে দ্রুত আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনাও প্রদান করেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারও উপস্থিত ছিলেন এবং নিজ এলাকার সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
