আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন আহত শিক্ষার্থীরা

আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন আহত শিক্ষার্থীরা

রাজধানীর বাংলামোটরে মঙ্গলবার (২১ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারিতে এক নারী শিক্ষার্থীসহ ৭ জন আহত হন। এই ঘটনায় আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের ব্যাডমিন্টন খেলার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জুলাই আন্দোলনে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সহ-সমন্বয়ক তানযীদ মোহাম্মদ সোহরাব রেজা।

তানযীদ মোহাম্মদ সোহরাব রেজা আরও বলেন, ‘আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিটিংয়ের জন্য বসতে বলা হয়। আমরা বোরহানউদ্দিন কলেজে বসতে চেয়েছি। তারা জানায়, রাত ১১টার সময় বোরহানউদ্দিন কলেজে আসবে। পরে তারা রাত ১২টার দিকে আসে। ওই বৈঠকে আসার কথা কেন্দ্রীয় সমন্বয়কদের। কিন্তু এসেছিলেন আন্দোলনের সেল সম্পাদক জাহিদ, স্বাস্থ্য কমিটির তরিকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কমিটির মুন্না। পরে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসতে নারাজ হই এবং সেই বৈঠক হয়নি। আমরা এখন আইনিভাবে লড়াই করে যাবো।’

ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও বৈষমবিরোধী আন্দোলনের সহযোদ্ধা অর্নব হোসেন বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে বিচার চাইবো না। থানায় গিয়ে মামলা করবো। থানা যদি মামলা না নেয় দুর্বার আন্দোলন গড়ে তুলবো।’

ঘটনায় আহত মাসুদুর রহমান বলেন, ‘গতকাল তারা আমাকে রিকশা থেকে নামিয়ে আমার দাঁড়িতে আঘাত করেছে এবং জঙ্গি বলে অভিহিত করেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গতকালকের ঘটনায় আহত আন্তা মীম, হাসিব মল্লিক, আল-আমীন তালুকদার প্রমুখ।

Share This