
বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, ইসিতে চিঠি
পঙ্ক্তি ডেস্ক: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জয়লাভ করেন দুটি আসন থেকেই। তবে দুটি আসনের মধ্যে বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন বিএনপির চেয়ারম্যান। এ সংক্রান্ত চিঠি তিনি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ আসনে ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পান ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন তারেক রহমান।
আরপিও অনুযায়ী, কোনও আসন শূন্য ঘোষণা করা হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে ইসিকে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন করতে হবে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করেছে ইসি। নতুন তফসিলের মাধ্যমে এই আসনে ভোটগ্রহণ করতে হবে। এছাড়া আইনি জটিলতা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল প্রকাশ করেনি ইসি। ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন।
