আমদানির খবরে একদিনেই পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা

আমদানির খবরে একদিনেই পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা

পঙ্​ক্তি ডেস্ক: ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। রবিবার (৭ ডিসেম্বর) খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হয় ৯০ থেকে ১০০ টাকায়। অথচ একদিন আগে শনিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৩০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন পেঁয়াজ আসার পাশাপাশি ভারত থেকে আইপি (আমদানি অনুমতি) অনুমোদনে সরকারের ঘোষণার প্রভাব পড়েছে বাজারে। ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী নুরুল আমিন বলেন, আগে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানি করা পেঁয়াজের ওপর দেশের বাজার নির্ভরশীল ছিল। ওই সময়ে দেশে প্রায় তিন থেকে চার লাখ মেট্রিক টন পেঁয়াজ ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। এবার ডিসেম্বরে এসে কিছু পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। শুনেছি, দেশে এবার পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে- আশা করছি আগামী বছর থেকে দেশে পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না।

এদিকে, পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। খুচরা বাজারে এখনও ১৩০ টাকা থেকে ১৪০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।
Share This