
সরকারি এলপিজির দাম বাড়ানোর প্রস্তাবে সাড়া দেয়নি বিইআরসি
পঙ্ক্তি ডেস্ক: সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রস্তাব আমলে নেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে প্রস্তাব আমরা এখন পর্যন্ত আমলে নেইনি।”
উল্লেখ্য, চলতি বছরের ৪ মে বিইআরসি গণশুনানি ছাড়াই সরকারি এলপিজির দাম ৬৯০ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা নির্ধারণ করে, যা নিয়ে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তীব্র প্রতিক্রিয়া জানায়।
প্রসঙ্গত, দেশে বছরে প্রায় ১৫ লাখ টন এলপিজির চাহিদার বিপরীতে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড ২০২৩-২৪ অর্থবছরে মাত্র ১২ হাজার ৭২৩ টন সরবরাহ করেছে।
তবে সাধারণ মানুষ সরকারি এলপিজি সচরাচর বাজারে পান না বলে অভিযোগ রয়েছে। জানা যায়, বেশিরভাগ এলপিজি সরবরাহ হয় নির্দিষ্ট কিছু সরকারি বা প্রাতিষ্ঠানিক খাতে। বাজারে অল্প পরিমাণ ছাড়ার কথা বলা হলেও তা প্রায়ই কালোবাজারে বিক্রির অভিযোগও আছে।
