
শাপলা প্রতীক তালিকায় না থাকায় এনসিপি’কে দিতে পারিনি: সিইসি
পঙ্ক্তি ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে, নিবন্ধিত দলকে সেখান থেকে প্রতীক নিতে হয়। যেহেতু শাপলা প্রতীক আমাদের তালিকায় নেই, তাই জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দিতে পারিনি। এখন পর্যন্ত তালিকার বাইরে কোনও দলকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।’
রবিবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি না গণতান্ত্রিক উত্তরণের জন্য এনসিপি কোনও সমস্যা হবে। তারা গণতন্ত্রায়নের পথে বাধা হয়ে আসবে, এটা আমি মনে করি না অন্তত। নিজের জীবন বাজি রেখে অভ্যুত্থানে যারা জড়িত ছিলেন, তারা এ ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। সুতরাং দেখবেন তারা একটা অবস্থানে আসবেন এবং সবাই একটা সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করবেন।’
তিনি বলেন, আলোচনায় কেউ কেউ বলেছেন ইন্টারনেট বন্ধ করতে। আমরা ইন্টারনেট বন্ধের পক্ষে নই। আমি চাই, তথ্য প্রভাব বজায় থাকুক। আমরা চাই, একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে। লুকানো কোনও নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারের ভোট চাই না। আমরা চাই পরিষ্কার-পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর হয় এমন নির্বাচন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন– চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমদ।
