
মাইলস্টোনের ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিশন
পঙ্ক্তি ডেস্ক: ‘রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণে নয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার। রবিবার (২৭ জুলাই) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তদন্ত কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খানকে তদন্ত কমিশনের সভাপতি করে এই কমিটি গঠন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিতকরণের লক্ষ্যে একটি তদন্ত কমিশন গঠন করা হলো। তদন্ত কমিশন বাংলাদেশের যে কোনও স্থান পরিদর্শন এবং যে কোনও ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে।
ওই ঘটনায় স্কুলের ছাত্র, শিক্ষক ও অন্যান্যদের জীবনহানি ও গুরুতর আহত হওয়ার বিষয়সহ সব ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো চিহ্নিত করবে।
বিমানবন্দরের অতি নিকটবর্তী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ও অপরাপর স্থাপনা নির্মাণ এবং ফ্লাইং জোনের অবস্থানগত সঠিকতা ও নিরাপদ পরিচালন বিষয়ে সংশ্লিষ্ট আইনগত ও প্রশাসনিক বিষয়গুলো পরীক্ষা করবে।
কমিশন দুর্ঘটনা প্রতিরোধ, প্রশিক্ষণ বিমান উড্ডয়ন, ফ্লাইং জোনে ভবন নির্মাণ ও ভয়াবহ দুর্ঘটনার ক্ষেত্রে জরুরি ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপারিশ দেবে। এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ প্রদান করবে।
