
গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার প্রশ্নে রুল
পঙ্ক্তি ডেস্ক: সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিব ও আইন মন্ত্রণালয়কে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি আদালত আগামী ২৬ জুন পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন। মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে গত ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে দায়েরকৃত জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলা সমূহের শুনানি সরাসরি সম্প্রচার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ১০ জন বাদি হয়ে এই রিট দায়ের করেন। রিট আবেদনকারীগণ হলেন,সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জজ কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি ও শামিম শাহিদি।
