জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাতনামা ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ

জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাতনামা ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ

পঙ্​ক্তি ডেস্ক:  রাজধানীর রায়ের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

ওই আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ শাহাদাতবরণ করেন। যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে অশনাক্তকৃত হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার কররস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনতগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মৃতদেহ শনাক্তকরণের জন্য লাশ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন।

এসব লাশ পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুত, মরদেহের ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে। এছাড়া আইনি কার্যক্রম শেষে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণের পর পরিবারের চাহিদা মোতাবেক মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এরপর বিচারক আবেদনসহ নথি পর্যালোচনা করেন। সার্বিক পর্যালোচনায় শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। একইসঙ্গে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি এর ১৭৬(২) ধারার বিধান অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
Share This