আ.লীগকে নিষিদ্ধের আড়ালে সাজানো নাটক চলছে: মির্জা আব্বাস

আ.লীগকে নিষিদ্ধের আড়ালে সাজানো নাটক চলছে: মির্জা আব্বাস

পঙ্​ক্তি ডেস্ক: আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দীন পিন্টুর স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে লাগাতার আন্দোলনকে নাটক আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, কোনও অপকর্মের আগে শেখ হাসিনাও মানুষের দৃষ্টি সরাতে এমন কৌশল অবলম্বন করতেন। বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা না করলেও একটি অজনপ্রিয় দল শুধু রাজনৈতিক উদ্দেশে বিএনপিকে হেয় করছে।

তিনি বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না, তারাই দেশ পরিচালনা করছে। মনে হচ্ছে ঔপনিবেশিক শাসন চলছে দেশে।

সেন্ট মার্টিন ও সাজেক নিয়ে এনসিপি কেন কথা বলছে না— দলটির কাছে এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিশ্বের ডিকশনারিতে মানবিক করিডোর বলে কিছু নেই। প্রয়োজনে একেকটা নাম দিয়ে এসব বানানো হচ্ছে। আমরা কেন সেন্ট মার্টিন যেতে পারবো না, আমি এনসিপির ভাইদের বলতে চাই— আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন না কেন। দেশ ভালো অবস্থানে নেই। আবার আমরা শুনতে পাচ্ছি, মানবিক করিডোর দেওয়া হবে, কেন কার স্বার্থের জন্য করিডোর। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনও করিডোর দেওয়ার অধিকার এই সরকারের নেই।

মানবিক করিডোর নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের নীরবতা তুলে ধরে বিস্ময় প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, আমরা খুব একটা ভালো অবস্থানে নেই। বিএনপি ছাড়া করিডোর নিয়ে কেউ কথা বলছে না। জামায়াত ও চরমোনাই কেউ কথা বলছে না। বিএনপিকে শেষ করতে পারলেই আওয়ামী লীগের মতো দেশ লুটেপুটে খাওয়া যাবে।

মির্জা আব্বাস বলেন, নাসির উদ্দিন পিন্টুকে আজ যেভাবে স্মরণ করা হচ্ছে, তাতে আমি অত্যন্ত গর্বিত। এই নাসির উদ্দিনদের মতো হাজারো নেতাকর্মীদের আত্মত্যাগের মাধ্যমে আজকের এই বিএনপি।

নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে উপস্থিতি ছিলেন ওলামা দলের মাওলানা শাহ নেছারুল হক প্রমুখ।

Share This