নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘মানসিক চিকিৎসা প্রয়োজন’: ইশরাক হোসেন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘মানসিক চিকিৎসা প্রয়োজন’: ইশরাক হোসেন

পঙ্​ক্তি ডেস্ক: ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক বিকারগ্রস্ত’ উল্লেখ করে তার ‘মানসিক চিকিৎসা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

রবিবার (২৫ জানুয়ারি) পুরান ঢাকার ধূপখোলা মাঠে এক নির্বাচনি জনসভায় এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইঙ্গিত করে ‘চাঁদাবাজ এবং জমিদারদের’ বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান। তার এই বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ বলে অভিহিত করেছেন ইশরাক হোসেন।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি সকল শক্তির উৎস জনগণ। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে। কিন্তু নির্বাচনের মাঠে এ ধরনের বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি তৈরি করছে।”

ধানের শীষের এই প্রার্থী আল্টিমেটাম দিয়ে বলেন, “যিনি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে তার নিজ দলের (এনসিপি) উচিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে দল থেকে বহিষ্কার করা এবং তার প্রার্থিতা বাতিল করা।”

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে ইশরাক বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এই ধরনের বক্তব্য শান্তি বিনষ্ট করতে পারে। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচার চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
Share This