ভারত-পাকিস্তান দ্বন্দ্বের বিষয়ে ঢাকাকে অবহিত করলো ইসলামাবাদ

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের বিষয়ে ঢাকাকে অবহিত করলো ইসলামাবাদ

পঙ্​ক্তি ডেস্ক: ভারত ও পাকিস্তান দ্বন্দ্বের বিষয়ে বাংলাদেশকে অবহিত করেছে ইসলামাবাদ। সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে অবহিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাকিস্তানের হাইকমিশনার আঞ্চলিক বিষয় সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন। তিনি পররাষ্ট্র সচিবকে নির্দিষ্ট পণ্যের ওপর আলোকপাত করে পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশে চলমান সফর এবং ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান ব্যবসায়িক ফোরাম সম্পর্কেও অবহিত করেন।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্র সচিব ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ষষ্ঠ দফা পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শের গঠনমূলক আলোচনা এবং সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন, এটিকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরেন তিনি। পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শের সময় আলোচিত ক্ষেত্র এবং বিষয়গুলোতে উভয়পক্ষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যাহত অনুসরণ এবং আরও কাজের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছিল।

Share This