ভারত থেকে চাল আমদানি শুরু

ভারত থেকে চাল আমদানি শুরু

পঙ্​ক্তি ডেস্কঃ

দীর্ঘ ১৯ মাস ১০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানি শুরুর ফলে দেশের বাজারে দাম কমে আসবে দাবি আমদানিকারকদের।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় ভারত থেকে চাল বোঝাই ট্রাক প্রবেশ শুরু হয়। সাইরাম ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালগুলো আমদানি করছে। যা ভারতের মারুতি ইন্টারন্যাশনাল নামের রফতানিকারক প্রতিষ্ঠান পাঠাচ্ছে। এখন পর্যন্ত দুটি ট্রাকে ৯০ টন চাল আমদানি হয়েছে। আরও আসার কথা রয়েছে। প্রতি টন চাল ৪১০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয়েছে।

প্রসঙ্গত, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ৩০ মার্চ চাল আমদানি হয়েছিল। চাল আমদানিতে শুল্ক ৬২.৫ ভাগ থাকার পরে গত ২০ অক্টোবর আমদানি শুল্ক কমিয়ে ২৫ ভাগ করে সরকার। পরে ৩১ অক্টোবর চাল আমদানিতে বিরাজমান শুল্ক  সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয় সরকার।

Share This