বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র  

জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয়। ফাইল ছবি: রয়টার্স

প্রথম মেয়াদেও ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কোভিড মহামারি ইস্যুতে পুরো বিশ্বকে বোকা বানাতে চীনকে সহায়তা করার জন্য সংস্থাটিকে অভিযুক্ত করেন তিনি।

ডব্লিউএইচও-এর বৃহত্তম আর্থিক সহায়তাকারী যুক্তরাষ্ট্র। সংস্থাটির তহবিলের প্রায় ১৮ শতাংশ আংকেল স্যামের অবদান। ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণে, আগামী বারো মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সদস্যপদ বাতিল হওয়ার পাশাপাশি এই বিপুল পরিমাণ অর্থের যোগানও বন্ধ হয়ে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, সংস্থাটির বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কর্মসূচি বিশ্বজুড়ে চলমান রয়েছে। যেমন  যক্ষ্মা, এইডস ইত্যাদির মতো ভয়াবহ রোগ এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি যাচাই ও প্রতিকারের উপায় বের করা। ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিলে এসব কর্মসূচির ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে।

ট্রাম্পের আদেশে বলা হয়েছে, প্রত্যাহার পর্ব চলাকালীন ডব্লিউএইচও-এর সঙ্গে করা মহামারি চুক্তি বাতিলের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংস্থাটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের দেশে ফিরিয়ে এনে নতুন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আর বৈশ্বিক স্বাস্থ্য ইস্যুতে কাজ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিকল্প অংশীদার খুঁজে বের করবে সরকার।

Share This