সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, একজনের মৃত্যু

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, একজনের মৃত্যু

পঙ্​ক্তি ডেস্ক: কক্সবাজারে সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে নূর কামাল নামে (২৫) জাহাজটির এক স্টাফ ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। তিনি টেকনাফের বাসিন্দা।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুন লাগে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক ওঠার আগেই প্রশাসনের তদারকি চলছিল। এর মধ্যেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আগুনে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।

Share This