
গভীর রাতে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০ কক্ষ, খোলা আকাশের নিচে বসবাস
পঙ্ক্তি ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা ১নং আশ্রয়ণ প্রকল্পের ৭ নম্বর শেড আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগলে মুহূর্তের মধ্যে সব পুড়ে যায়। এই শেডের ১০টি কক্ষে ১০টি পরিবার বসবাস করতো। তবে মঙ্গলবার রাতে সাতটি পরিবার ঘুমিয়ে ছিল। আগুনের তাপে তাদের ঘুম ভেঙে গেলেও ঘর থেকে কিছুই বের করতে পারেননি।
আশ্রয়ণের বাসিন্দা ফুলচাঁদ সরদার বলেন, ‘সারা দিন গাছকাটা শেষ করে অনেক রাতে বাড়ি ফিরি। খাওয়া শেষ করে রাত ১টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে শেডে আগুন লাগলে অনেকে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। আগুনের তাপ শরীরে লাগলে তখন দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ি।’
ফুলচাঁদ সরদার ও শাহেদা খাতুনের মতো আশ্রয়ণ প্রকল্পের ১০ পরিবারের সকলের করুণ দশা। ঘর থেকে কেউ কিছুই বের করতে পারেনি।
এদিকে, খবর পেয়ে বুধবার দুপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ১ বস্তা করে চাল, শুকনো খাবার, কাপড় ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া ত্রাণসহায়তার জন্য তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।’
