
মিটফোর্ডে সোহাগ হত্যায় আরও ২ আসামি গ্রেফতার
পঙ্ক্তি ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে নৃশংসভাবে খুন হওয়া ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে আরও দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে মামলায় গ্রেফতার হওয়া আসামির সংখ্যা দাঁড়াল সাত জনে। শনিবার (১৩ জুলাই) সকাল থেকে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামি রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ও ডিএমপির লালবাগ বিভাগ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই রাজধানী থেকে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।
১২ জুলাই রাতে কোতোয়ালি থানা পুলিশ মামলার আরেক আসামি মো. টিটন গাজী (৩২)কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে একই এলাকার কিছু লোকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা তদন্তকারী সংস্থার।
ডিসি মো. জসীম উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত সাত জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সবার বিরুদ্ধেই সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। খুব শিগগিরই এই মামলার চার্জশিট দেওয়া হবে।’
