বিশেষ ধন্যবাদ গণমাধ্যমকর্মীদের: নুসরাত ফারিয়া

বিশেষ ধন্যবাদ গণমাধ্যমকর্মীদের: নুসরাত ফারিয়া

পঙ্​ক্তি ডেস্ক: জুলাই আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় এনামুল হক হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মিডিয়ার অনেকেই। কারাগার থেকে মুক্তি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন নুসরাত ফারিয়াও। ফেসবুকে একটি অ্যাডমিন পোস্টের মাধ্যমে নুসরাত ফারিয়া মঙ্গলবার বেলা সাড়ে ৪টা নাগাদ বলেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।’

বলা দরকার, গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার পথে নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করে গ্রেফতার দেখায় পুলিশ। গতকাল তাকে কারাগারে পাঠায় আদালত। একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে নির্ধারণ করে। কিন্তু আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্পেশাল শুনানি করে জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোঁড়া গুলি ভুক্তভোগী পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ বছরের ৩ মে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারনামীয় করা হয়েছে। এ মামলায় নুসরাত ফারিয়া এজাহারনামীয় ২০৭ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের ‘যোগানদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
Share This