
নির্বাচনি আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি: সিইসি
পঙ্ক্তি ডেস্ক: নির্বাচনি আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা একটি অবাধ ও নিরেপক্ষ নির্বাচন দিতে চাই। আমরা কারও এজেন্ডা নিয়ে কাজ করছি না। ১৮ কোটি মানুষ ও বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছি।’
রবিবার (২ মার্চ) বাংলাদেশ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমিশনার বেগম তামিদা আহমদ বলেন, ‘খোলা মাঠে ব্যালট বাক্স স্থাপন করে ভোট আয়োজন করার প্রস্তাব দিলাম। যদিও এটি আমার ব্যক্তিগত অভিমত। আমি বিশ্বাস করি, এতে ভোট স্বচ্ছতা প্রমাণে সহায়ক হবে। তবে এ ক্ষেত্রে আমাদের আগে দায়িত্বশীল হতে হবে।’
তিনি বলেন, ‘এবারের ভোটার দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যাতে করে কেউ অস্বচ্ছ বা ভুয়া ভোটার তালিকা প্রণয়ন না করতে পারেন। রাতের ভোট দেখতে চায় না কমিশন।’
ইসির আলোচনা সভায় জানানো হয়, ২০২৫ সালের ২ মার্চ পর্যন্ত হালনাগাদ করা চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৯৪ জন।
অনুষ্ঠানে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত ১৩ জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি। এর আগে ভোটার দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
