কবিতায় বঙ্গবন্ধু-একাত্তর থাকায় বন্ধ করে দেওয়া হলো একুশের অনুষ্ঠান

কবিতায় বঙ্গবন্ধু-একাত্তর থাকায় বন্ধ করে দেওয়া হলো একুশের অনুষ্ঠান

চট্টগ্রামে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন।

চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি সকালে শহীদ মিনার সংলগ্ন নন্দনকানন টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। চট্টগ্রামের প্রায় ২০টি সংগঠন এতে অংশ গ্রহণ করে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ওই স্থানে অনুষ্ঠান শুরু হয়। এতে বিভিন্ন সংগঠনের আবৃত্তিশিল্পীরা কবিতা আবৃত্তি করছিলেন। পাশাপাশি গান ও কথামালাও চলছিল।

জাসাসের নগর সভাপতি মুসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। মামুনুর রশিদ বিষয়টি স্বীকার করে বলেন, ‘ওই অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছিল। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি। প্রশাসন অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবদুল করিম  বলেন, ‘নন্দনকাননে একটি অনুষ্ঠানে আবৃত্তিতে শেখ মুজিবুর রহমানের নাম বলেছে বলে আমাদের জানানো হয়। পুলিশ অনুষ্ঠান স্থলে যাওয়ার আগেই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।’

এর আগে ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের সিআরবিতে বসন্ত উৎসবের অনুষ্ঠানের অনুমতি মাঝপথে বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। সিআরবির শিরীষতলায় বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন।
Share This