
নারীদের সম-অধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে: স্পিকার
উম্মে হাবিবা অমি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীরা তাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে। নারীদের সম-অধিকার ও সম-সুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের। শনিবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ উদ্যাপন উপলক্ষে সংগঠনটির বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে এবং নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাহমুদা চৌধুরী, সিনিয়র সাংবাদিক শাহনাজ বেগম, সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু এবং ডিআরইউর সাবেক নারী বিষয়ক সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের বর্তমান নারী বিষয়ক সম্পাদক সুমি খান।
অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীরা আজ মহাশূন্যে যাচ্ছে, হিমালয় জয় করছে, কিন্তু তারপরও নারীদের সংগ্রাম থেমে নেই। তারা ঘরে-বাইরে সংগ্রাম মোকাবিলা করে এগিয়ে চলছে।
বাংলাদেশে সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সাধারণ ঘরের মেয়েরাও আজ উচ্চতর শিক্ষায় শিক্ষিত। প্রায় এক কোটি নারী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে নারীদের অগ্রগতিতে বিপ্লব ঘটিয়েছেন। তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ের নারীরাও আজ স্বাবলম্বী এবং নারী উদ্যোক্তাদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ প্রদান করলে এবং তাদের পণ্য দেশীয় ও বিদেশি বাজারে সরবরাহের ব্যবস্থা নিলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’
স্পিকার বলেন, ‘বাংলাদেশের বাজেট লিঙ্গ সংবেদনশীল বাজেট। প্রতিটি মন্ত্রণালয়ে মহিলাদের জন্য বাজেট বরাদ্দ রয়েছে। লিঙ্গ বৈষম্যের কারণে নারী যেন পিছিয়ে না যায় সে বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।’ মনে রাখতে হবে আমরা যেনো নিজেদেরকে খাটো কওে না দেখি।
এসময় তিনজন নারীকে বিশেষ সম্মাননা জানানো হয়। ডিআরইউ এর সাবেক সহ সভাপতি মাহমুদা চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও ডেইলি অবজারভারের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ও সাপ্তাহিক পঙক্তি’র সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফল্লাহসহ কার্যনির্বাহী কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিকবৃন্দ।
