অস্থির বাজারে ফের বাড়লো এলপি গ্যাসের দাম 

অস্থির বাজারে ফের বাড়লো এলপি গ্যাসের দাম 

পঙ্​ক্তি ডেস্ক: চরম অস্থিরতার মধ্যে সরকারিভাবেও ফের ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজির এক সিলিন্ডার এলপিজির দাম জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা। গত জানুয়ারি মাসে এই দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। এ নিয়ে টানা দুই মাস রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো।

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করেছে কমিশন। গত জানুয়ারি মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।

বিগত কয়েক মাস ধরে এলপিজির দামের উত্থান-পতন অব্যাহত রয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, নভেম্বর মাসের তুলনায় প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে তখন এলপিজির দাম ২৬ টাকা কমানো হয়েছিল, যার ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৫ টাকা। অটোগ্যাসের দামও ১ টাকা ১৯ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ৫৫ টাকা ৫৮ পয়সা।

উল্লেখ্য, জানুয়ারিতে ৫৩ টাকা এবং ফেব্রুয়ারিতে ৫০ টাকা বাড়ানোর ফলে টানা দুই মাস গ্রাহকদের বাড়তি খরচের চাপে পড়তে হলো।

Share This