
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার: ইসি সচিব
পঙ্ক্তি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে।
রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে আখতার আহমেদ সরাসরি কোনও জবাব দেননি। তিনি বলেন, ‘প্রতীকের বিষয়টি আমরা পরে জানাবো।’
তিনি বলেন, ‘সবকিছুই নিক্তিতে মেপে সময় অনুযায়ী, দিনক্ষণ-তারিখ অনুযায়ী করা সম্ভব নয়। এই অ্যাডজাস্টমেন্ট আমাদের রাখতে হবে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনও কারণ বা পরিস্থিতি আমার মনে হয় না হয়েছে।’
শনিবার (২৫ অক্টোবর) রাতে নির্বাচন কমিশন প্রাঙ্গণে নির্বাচন ভবনের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইসি মামলা করবে কিনা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এটা বাইরে ফেটেছে। ইসিকে যদি মামলা করতে হয়, করবো।’
কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহারি, নির্বাচনকালীন সমযে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।’
