
যে নেতাকর্মীদের জন্য ১৫ বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়
পঙ্ক্তি ডেস্ক: সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানির প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের অংশগ্রহণকারীরা মারামারিতে জড়িয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মবাড়িয়া-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, যে নেতাকর্মীদের জন্য ১৫ বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে ধাক্কা আসবেই। সেটাই হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রবিবার দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। এতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নিয়েছেন। এ সময় ওই মারামারির ঘটনা ঘটে। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় এনসিপি নেতা আতাউল্লাহর অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, তিনি যেহেতু খুব পরিচিত কোনও মুখ নন, তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে জানি না। তবে তিনি প্রথম পাঞ্জাবি পড়া একজন যিনি আমাকে ধাক্কা দিয়েছেন। তারপর আমার লোক তো বসে থাকবে না। আমি তো একজন নারী।
