
আন্দোলনকারীদের লাগাতার কর্মসূচি ঘোষণা
পঙ্ক্তি ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্ত প্রত্যাহারের পরও রাজস্ব সংস্কার প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত জটিলতা ও চরম অসন্তোষ দেখা দিয়েছে। চলমান আন্দোলনে আমদানি-রফতানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রাজস্ব খাতে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অভিযোগ— সরকারের সদিচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়ে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খান একের পর এক বাধাসৃষ্টিকারী পদক্ষেপ গ্রহণ করছেন। ফলে এনবিআরের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আজ থেকে সারা দেশে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন। শনিবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ২৮ জুন থেকে এনবিআরের সব অফিসে লাগাতার শাটডাউন চলবে এবং ২৯ জুন সারাদেশ থেকে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হবে। আন্তর্জাতিক যাত্রীসেবার বাইরে সব কার্যক্রম স্থগিত থাকবে।
চেয়ারম্যানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ
ঐক্য পরিষদ দাবি করছে, ২১ ও ২২ জুনের আদেশে যেসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তারা পেশাদার ও দক্ষ ছিলেন এবং সংস্কার কর্মসূচিতে সক্রিয় অংশ নিয়েছিলেন। এসব বদলিকে ‘অবৈধ ও প্রতিহিংসাপরায়ণ’ বলে অভিহিত করেছেন তারা।
ব্যবসায়ীদের অবস্থান নিয়ে প্রশ্ন
সংগঠনটি এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেছে— আজ (২৮ জুন) দেশের ব্যবসায়ীসমাজ সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যানের অপসারণকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছে, যা তাদের (ঐক্য পরিষদ) কাছে বিস্ময়কর। তারা জানতে চেয়েছেন, সরকারের নিরপেক্ষ সিদ্ধান্ত বাস্তবায়নে বাধাদানকারী একজন আমলাকে কেন ব্যবসায়ীরা সমর্থন করছেন, তা স্পষ্ট করা হয়নি। সংগঠনটি জানিয়েছে, ২৮ জুন থেকে এনবিআরের সব অফিসে লাগাতার শাটডাউন চলবে এবং ২৯ জুন সারাদেশ থেকে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হবে। আন্তর্জাতিক যাত্রীসেবার বাইরে সব কার্যক্রম স্থগিত থাকবে। এছাড়া তারা জানিয়েছেন— পরিস্থিতি নিরসনে তারা যেকোনও সময় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে এখনও অর্থ মন্ত্রণালয় থেকে সে ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।
ঐক্য পরিষদের আহ্বান
সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকার সই করা বিবৃতিতে বলা হয়, এনবিআর চেয়ারম্যানের অপসারণ ছাড়া টেকসই ও বাস্তবধর্মী রাজস্ব সংস্কার সম্ভব নয়। তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন এবং দেশবাসী, সাংবাদিক ও ব্যবসায়ী সমাজের সহানুভূতি কামনা করেছেন।
