
কারাগার থেকে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া
পঙ্ক্তি ডেস্ক: হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। রাজধানীর ভাটারা থানায় করা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন তিনি। মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। ওই কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বিকাল সাড়ে ৩টার দিকে স্বজনদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, গত ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি ৩ মে এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলার দুই সপ্তাহ পর গ্রেফতার করা হয় নুসরাতকে।
