
নতুন ভোটার হচ্ছেন ৫০ লাখ
পঙ্ক্তি ডেস্ক:
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়া ও নতুন ভোটারযোগ্য ব্যক্তি মিলিয়ে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জনের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন প্রক্রিয়া শেষে তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। অপরদিকে হালনাগাদ কার্যক্রমে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য এবার নতুন করে যুক্ত হবে ৬১ লাখের বেশি ভোটার।
নির্বাচন কমিশন সচিব বলেন, চলতি বছর লক্ষ্য ছিল ৬১ লাখ নতুন ভোটার নিবন্ধন করা। এবার ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে বাদ পড়া ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ৪৪ শতাংশ আর নতুন ভোটারযোগ্য হয়েছেন, এমন নিবন্ধনের হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আখতার আহমেদ বলেন, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত ভোটার নিবন্ধনের কাজ চলবে। ভোটার হওয়ার যোগ্য, এমন যাদের তথ্য সংগ্রহ করা হয়নি, বা এখনও বাদ পড়ে আছেন, তারা এ সময়ের মধ্যে নিবন্ধিত হতে পারবেন। এর বাইরেও যেকোনও সময় ভোটার হওয়ার যোগ্য যেকোনও ব্যক্তির অনলাইনে আবেদন করে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।
