যৌক্তিক সমাধান না আসায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। ট্রেইনি চিকিৎসকরা জানান, ঢাকা শহরে ২৫ হাজার টাকা দিয়ে চলা খুব কষ্টকর। রোগীর ভালো সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের অবশ্যই ৫০ হাজার টাকা ভাতা দিতে হবে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন করলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আর কোনও ধরনের কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকার তাদের দাবিগুলো মেনে নেবে।
ট্রেইনি চিকিৎসক সাবিনা নাহার বলেন, বর্তমানে আমরা যে ভাতা পাই, তা দিয়ে চলা খুব কঠিন। পাশের দেশগুলোতে আমাদের পর্যায়ে যেসব চিকিৎসক রয়েছেন, তারা এক থেকে দেড় লাখ টাকা ভাতা পান। আমরা তো ৫০ হাজার টাকা দাবি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমাদের দাবি যৌক্তিক কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইল আটকে আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো।
গত রবিবার (২২ ডিসেম্বর) একই দাবিতে শাহবাগ অবরোধ করেন ট্রেইনি চিকিৎসকরা। এরপর ২৬ ডিসেম্বর আরও ৫ হাজার টাকা ভাতা বাড়িয়ে ৩০ হাজার করেছে সরকার। কিন্তু এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চিকিৎসকরা ভাতা ৫০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আজ (রবিবার) আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন।