
গ্রিনল্যান্ড নিয়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ডেনমার্ক: প্রধানমন্ত্রী
পঙ্ক্তি ডেস্ক: গ্রিনল্যান্ড নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ডেনমার্ক ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর এই মন্তব্য করলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবরটি জানিয়েছে। ডেনমার্কের রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বিতর্কে ফ্রেডরিকসন বলেন, “এটি সিদ্ধান্ত গ্রহণের মুহূর্ত। এই সময়ে নেওয়া সিদ্ধান্তের গুরুত্ব শুধু গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়েই সীমাবদ্ধ নয়।” পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মেরু অঞ্চলই হোক, আর যেখানেই হোক, আমরা আমাদের মূল্যবোধ রক্ষায় প্রস্তুত। আমরা আন্তর্জাতিক আইন এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।”
ওয়াশিংটনে বৈশ্বিক কাঁচামাল ইস্যুতে আলোচনার আগে জার্মানিও ডেনমার্কের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আইসল্যান্ডে বৈঠকের সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়েডেহপুল মেরু অঞ্চলের নিরাপত্তাকে ন্যাটোর অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। এদিকে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন ন্যাটোর অধীনে মেরু অঞ্চলে নতুন ‘আর্কটিক সেন্ট্রি’ অভিযানের আহ্বান জানিয়েছেন, যা বাল্টিক ও পূর্ব ইউরোপের বিদ্যমান মিশনের আদলে গড়ে তোলা যেতে পারে। এতে গ্রিনল্যান্ডে রুশ ও চীনা প্রভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগও কমানো যাবে।
১৯৫৩ সাল পর্যন্ত ডেনমার্কের উপনিবেশ থাকা গ্রিনল্যান্ড ১৯৭৯ সালে স্বায়ত্বশাসন অর্জন করে এবং বর্তমানে ডেনমার্ক থেকে আরও স্বাধীনতার বিষয়টি বিবেচনা করছে। সাম্প্রতিক জনমত জরিপে গ্রিনল্যান্ডের জনগণের মধ্যে যুক্তরাষ্ট্রের দখল পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিরোধিতা দেখা গেছে।
