শাপলা চত্বরের ঘটনায় ‘৭১ টিভি’র ভিডিও ফুটেজ তলব

শাপলা চত্বরের ঘটনায় ‘৭১ টিভি’র ভিডিও ফুটেজ তলব

পঙ্​ক্তি ডেস্ক: ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে চলমান তদন্তের অংশ হিসেবে বেসরকারি চ্যানেল ‘৭১ টিভি’র প্রচারিত ভিডিও ফুটেজ, লাইসেন্সের অনুলিপি এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার (১০ জুন) তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মোহাম্মদ শহিদুল্যাহ্ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি গত ৮ জুন ৭১ টিভি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

তদন্তের স্বার্থে সরকার কর্তৃক ৭১ টিভিকে দেওয়া সম্প্রচার লাইসেন্সের অনুলিপি, ঘটনাসংক্রান্ত প্রচারিত ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে তদন্ত সংস্থা।

উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় তদন্ত ও দায় নিরূপণের দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ-সংক্রান্ত অভিযোগের তদন্ত কার্যক্রম নতুন গতি পেয়েছে। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ, আলোকচিত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থা।
Share This