
সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান
পঙ্ক্তি ডেস্ক: বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ, সিলেটের হযরত শাহজালালের (র.) মাজার থেকেই নির্বাচনি প্রচার শুরু করা। পুরোনো সেই রেওয়াজের দিকেই হাঁটছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনি প্রচারণাভিযান শুরু করবেন বিএনপির শীর্ষ এই নেতা।
সোমবার (১২ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।
২২ জানুয়ারি তিনি হযরত শাহ জালাল (রহ.) এবং হয়রত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।”
এদিকে, তারেক রহমানের সিলেটে আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর বিএনপি। সেখানে তিনি দলীয় জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
