
শিল্পকলার নতুন ডিজি শেখ রেজাউদ্দিন আহমেদ
পঙ্ক্তি ডেস্ক:
শেখ রেজাউদ্দিন আহমেদকে (রেজাউদ্দিন স্টালিন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইন অনুযায়ী রেজাউদ্দিন আহমেদকে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
তার লেখনীতে সবসময় মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক অন্যায়ের প্রতি প্রতিবাদ এবং সৌন্দর্যকে ভিন্নমাত্রায় প্রকাশ করার এক অনন্যতা লক্ষণীয়। বাংলাদেশের বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন ২০২২ সালের ইউক্রেনের নিকোলাই গোগোল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ট্রায়াম্ফ লাভ করেছেন। এই পুরস্কারটি ইউক্রেন লেখক ইউনিয়ন ও চেরেনোভিস ক্লাব যৌথভাবে প্রদান করে থাকে।
