
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি, উপ-উপাচার্য ও প্রক্টর অবরুদ্ধ
পঙ্ক্তি ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহালের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় সহ-উপাচার্য ও প্রক্টরকে আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা জুবেরী ভবনে ঢুকতে চাইলে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ শিক্ষার্থীরা তাদের সামনে দু-হাত প্রসারিত করে বাধা হয়ে দাঁড়ান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর সহ-উপাচার্যসহ কর্মকর্তারা জুবেরী ভবনের দোতলায় একটি কক্ষে যান। পরে জুবেরী ভবনের সিঁড়ি ও বারান্দায় অবস্থান নিয়ে সহ-উপাচার্যকে আটকে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
জুবেরী ভবনে সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আমাকে যতই ভাত না খেয়ে রাখুক, যতই বাসায় ঢুকতে না দিক, আমি একক কোনও সমাধান দেওয়ার এখতিয়ার রাখি না। সমাধান বডিতে বসে দেওয়া লাগবে। আমি কেন অবরুদ্ধ হলাম, সেটা আমার জানা নাই।’
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। এ সময় প্রশাসন ভবনে গাড়ি আটকে দেন শিক্ষার্থীরা। পরে তিনি হেঁটে বাসায় যেতে থাকেন। তাকে বাসায় যেতে দেওয়া হয়নি। পরে পাশেই জুবেরী ভবনে আলোচনার জন্য চেয়েছিলেন। জুবেরী ভবনে প্রবেশ করার সময় সামনে এসে দাঁড়ান শিক্ষার্থীরা। তখন এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কে কীভাবে শুরু করেন, তিনি জানেন না।
