সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রম এলাকার গ্রামের বাড়িতে হামলা চালায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার নামে ১০০-১৫০ জন। তারা ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর করতে থাকে এবং অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময় গ্রামে ডাকাত হামলা চালিয়েছে বলে স্থানীয়রা ডাকচিৎকার শুরু করেন। ডাকাতির খবর পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন এবং সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় ১৬-১৭ জনকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। এতে আহত হয় তারা।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১৪-১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ১টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Share This